৩ লাখ সেনা নিয়োগ নিয়ে পুতিনের নতুন পরিকল্পনা
রুশ বাহিনীতে বড় নিয়োগের দাবি, সেপ্টেম্বরে আসছে ৩ লাখ নতুন সেনা
- আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৩:০১:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৩:০১:০৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দাবি, আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে মস্কো। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পর, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই নিয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে রুশ বাহিনীতে মোট ৫ লাখ নতুন সেনা যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হবে।
রোববার কিয়েভে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জেলেনস্কি এসব দাবি করেন। তিনি বলেন, প্রস্তাবিত ৫ লাখ সেনার মধ্যে প্রথম ধাপে সেপ্টেম্বরে ৩ লাখকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জেলেনস্কির দাবি, নতুন সেনা সংগ্রহের ক্ষেত্রে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বড় শহরগুলোতে প্রকাশ্য সেনা সমাবেশ এড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে বিষয়টি সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক মহলের নজর এড়িয়ে যায়। তবে এই গোপনীয়তা পুরোপুরি কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়ায় আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, এই নির্বাচন শেষ হওয়ার পরই নতুন সেনা নিয়োগের কার্যক্রম শুরু হতে পারে।
তবে রাশিয়া বিপুলসংখ্যক নতুন সেনা নিয়োগ করলেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তারা দীর্ঘমেয়াদে সফল হবে না বলে দাবি করেছেন জেলেনস্কি। তিনি বলেন, নতুন সেনাদের ধরে রাখা রাশিয়ার জন্য কঠিন হবে এবং ইউক্রেনীয় বাহিনী তাদের মোকাবিলা করবে।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের পটভূমিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এর আগে ক্রিমিয়ার মর্যাদা, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আগ্রহ এবং মিনস্ক চুক্তিকে ঘিরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।