ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি, উদ্বেগ বাড়ছে খাতে

ইইউর বড় বাজারগুলোতে রপ্তানি কমলেও কয়েকটি ছোট বাজারে প্রবৃদ্ধি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১০:৫০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১০:৫০:১৮ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১২৮ বার পঠিত
ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি, উদ্বেগ বাড়ছে খাতে ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ২০২৫-২৬ অর্থবছরে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২৭ সদস্যের জোটের মধ্যে ১৫টি দেশে রপ্তানি কমেছে, যা দেশের পোশাক খাতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে।
 
ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেকের বেশি আসে এই অঞ্চল থেকে। তবে গত অর্থবছরে বড় বড় বাজারে রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিক আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে। বিপরীতে যেসব দেশে রপ্তানি বেড়েছে, সেগুলোর অধিকাংশই তুলনামূলক ছোট বাজার হওয়ায় সামগ্রিক ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি।
 
ইইউতে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক বাজার জার্মানিতে রপ্তানি ১১ দশমিক ৫ শতাংশ কমে ৪৯৫ কোটি ডলার থেকে ৪৩৮ কোটি ডলারে নেমে এসেছে। দেশটিতে নিট পোশাকের রপ্তানি প্রায় ১৩ শতাংশ এবং ওভেন পোশাকের রপ্তানি প্রায় ১০ শতাংশ কমেছে। এরপরও জার্মানিতে মোট রপ্তানির বড় অংশ ছিল নিট পোশাক, যার পরিমাণ ২৬৮ কোটি ডলার। ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৭০ কোটি ডলার।
 
ইইউর তৃতীয় বৃহত্তম বাজার ফ্রান্সে রপ্তানি প্রায় ৯ শতাংশ কমে ২১৬ কোটি ডলার থেকে প্রায় ১৯৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। সেখানে নিট পোশাকের রপ্তানি ১১ শতাংশ এবং ওভেন পোশাকের রপ্তানি ৫ শতাংশ কমেছে। ইতালিতেও রপ্তানি প্রায় ৮ শতাংশ কমে ১৫৪ কোটি ডলার থেকে ১৪২ কোটি ডলারে নেমেছে। এখানেও নিট পোশাকের রপ্তানিতে বেশি পতন হয়েছে।
 
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের মতে, নিট পোশাক উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজনের হার প্রায় ৯০ শতাংশ হওয়ায় গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ এবং শ্রমিক অসন্তোষের মতো অভ্যন্তরীণ সমস্যার প্রভাব এ খাতে বেশি পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের কারণে বৈশ্বিক রপ্তানি বাজার সংকুচিত হয়েছে। একই সময়ে চীন ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলোও ইইউ বাজারে আরও বেশি মনোযোগ দেওয়ায় প্রতিযোগিতা বেড়েছে। দেশে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বাড়ায় বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও কমেছে বলে তিনি উল্লেখ করেন।
 
ইইউর অন্যান্য বড় বাজারের মধ্যে ডেনমার্কে রপ্তানি ১০ শতাংশ কমে ১০৪ কোটি ডলার থেকে ৯৪ কোটি ডলারে নেমেছে। বেলজিয়ামে রপ্তানি ৫৫ কোটি ডলার থেকে ৫৩ কোটি ডলারে, চেক রিপাবলিকে ৩২ কোটি ডলার থেকে ৩১ কোটি ডলারে এবং আয়ারল্যান্ডে ২৫ কোটি ডলার থেকে ২৩ কোটি ডলারে নেমেছে। রোমানিয়ায় সবচেয়ে বেশি ২০ শতাংশ পতন হয়েছে, যেখানে রপ্তানি ২৩ কোটি ডলার থেকে ১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এছাড়া পর্তুগাল, স্লোভাকিয়া, গ্রিস, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ ও মাল্টাতেও রপ্তানি কমেছে।
 
অন্যদিকে ইইউর দ্বিতীয় বৃহত্তম বাজার স্পেনে রপ্তানি ৬ শতাংশ বেড়ে ৩৪০ কোটি ডলার থেকে ৩৬০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া নেদারল্যান্ডস, সুইডেন, স্লোভেনিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাতভিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস ও বুলগেরিয়াতেও রপ্তানি বেড়েছে।
 
সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯০৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের ১ হাজার ৯৭১ কোটি ডলারের তুলনায় ৩ দশমিক ৩১ শতাংশ কম। একই সঙ্গে দেশের মোট পোশাক রপ্তানিতে ইইউর অংশও ৫০ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪৯ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।