আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে চীনে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর থেকে দেশটির খুচরা বাজারে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
শুক্রবার ১১ সেপ্টেম্বর চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা দেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান বা প্রায় ৩৮ দশমিক ৭৬ ডলার এবং ডিজেলের দাম ২৫০ ইউয়ান বা প্রায় ৩৭ দশমিক ২৭ ডলার বাড়ানো হয়েছে।
দাম বাড়ার পর চীনে প্রতি লিটার ডিজেলের জন্য গ্রাহকদের প্রায় ৭ দশমিক ৯৬ ইউয়ান বা ১ দশমিক ১৯ ডলার দিতে হবে। বিভিন্ন গ্রেড অনুযায়ী পেট্রোলের দাম দাঁড়াবে প্রতি লিটারে ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৬৮ ইউয়ান, যা প্রায় ১ দশমিক ২৩ থেকে ১ দশমিক ২৯ ডলারের সমান।
এনডিআরসি জানিয়েছে, গত ২৮ আগস্ট চীন সর্বশেষ জ্বালানির দাম সমন্বয় করেছিল। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশটির অভ্যন্তরীণ জ্বালানির দাম বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি করছে। ফলে চীনে জ্বালানির দাম বৃদ্ধির কারণে দেশটির পরিবহন ও শিল্প খাতে ব্যয়ের ওপরও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।