ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রভাবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সময়ে শীত মৌসুমের আগে ইউরোপের গ্যাস মজুতও পাঁচ বছরের গড়ের তুলনায় কম থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
বুধবার ৯ সেপ্টেম্বর ইউরোপের বেঞ্চমার্ক ডাচ টিটিএফ গ্যাসের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৭৯ দশমিক ২১ ইউরোতে দাঁড়ায়। দিনের মধ্যে একপর্যায়ে দাম ৮০ দশমিক ৯৯ ইউরো পর্যন্ত উঠে যায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা গ্যাসের বাজারে বড় ধরনের চাপ তৈরি করছে। শীতের আগে ইউরোপ যখন গ্যাসের মজুত পূরণের চেষ্টা করছে, তখন এই মূল্যবৃদ্ধি সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১০১ ডলারের ওপরে উঠে যায় এবং বৃহস্পতিবারও তা ওই পর্যায়ের ওপরে ছিল। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এবং সামুদ্রিক হামলার আশঙ্কায় তেল সরবরাহে সংকটের উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, গ্যাস ও তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে ইউরোপসহ বিশ্বজুড়ে জ্বালানি ব্যয় বাড়তে পারে। এর ফলে পণ্য ও সেবার দাম এবং মূল্যস্ফীতির ওপরও নতুন করে চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।