ইরানের কেশম দ্বীপের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার ভোরের ওই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কেশমের গভর্নর আমির তেইমুরি। একই সময়ে হরমুজ প্রণালিতে একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে আমির তেইমুরি জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের মধ্যবর্তী এলাকায় বাণিজ্যিক জাহাজটিতে হামলা হয়।
তিনি ঘটনাটিকে ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম, কী ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে কিংবা কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার কেশম দ্বীপের উপকূলীয় এলাকায় সমুদ্রের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। তবে ওই বিস্ফোরণের সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যেই জাহাজে হামলার এসব খবর সামনে এলো। গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ বাড়ছে।