সৌদি আরবের মন্ত্রিসভায় বড় রদবদল, একাধিক শীর্ষ পদে নতুন নিয়োগ
- আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:২৪:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:২৪:৪৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮৮ বার পঠিত
ছবি সংগৃহীত
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ দেশটির মন্ত্রিসভা ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ব্যাপক রদবদল করেছেন। রাজকীয় ফরমানের মাধ্যমে কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আবার কয়েকজনকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) ঘোষিত এই পরিবর্তন প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
রাজকীয় ডিক্রি অনুযায়ী, শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আল-খোরারফকে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি মন্ত্রী যুবরাজ আবদুলআজিজ বিন সালমানকে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে তিনি একসঙ্গে জ্বালানি এবং শিল্প ও খনিজ সম্পদ—দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
একই ফরমান অনুযায়ী, সৌদি আরবের সামরিক শিল্প বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের (GAMI) গভর্নর প্রকৌশলী আহমেদ আল-ওহালিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে বন্দর আল-খোরারফকে সংস্থাটির ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিচার ও প্রশাসনিক কাঠামোতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন সালানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রয়্যাল কোর্টের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক নিয়োগের মাধ্যমে ইশহান বিন আব্বাস বাফাগিহকে জেদ্দা প্রদেশের সেক্রেটারি, আবদুল্লাহ আল-দাহিমকে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী বিষয়ক ডেপুটি গভর্নর এবং তালাল আল-হামুদকে একই ব্যাংকের কারিগরি বিষয়ক ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের প্রশাসন ও অর্থনৈতিক রূপান্তর কর্মসূচি ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সমন্বিত করতে এ ধরনের প্রশাসনিক পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।