ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নাম ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’
- আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৯:১৮:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৯:১৮:২৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সংশ্লিষ্ট আইনি বিলে স্বাক্ষর করেন।
নাম পরিবর্তনের পর ট্রাম্প পরিবারের ব্যক্তিগত উড়োজাহাজ ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত বোয়িং-৭৫৭ বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরটি ট্রাম্প পরিবারের মার-আ-লাগো রিসোর্ট ও ব্যক্তিগত আবাসনের কাছাকাছি অবস্থিত।
ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প বলেন, পাম বিচ এলাকার সঙ্গে তাঁর বাবার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এ অঞ্চলের উন্নয়নের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বের হওয়ার প্রধান সড়কের নামও এর আগে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছে।
নাম পরিবর্তনের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এটি বিশ্বের অন্যতম আধুনিক ও আকর্ষণীয় বিমানবন্দরে পরিণত হবে।
সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ দশক ধরে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এই বিমানবন্দরের নাম পরিবর্তন এবং নতুন সাইনেজ স্থাপনে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দায়িত্ব পালনরত কোনো প্রেসিডেন্টের নামে একটি বিমানবন্দরের নামকরণ করা হলো। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে তাঁর ছবি ও নাম সরকারি বিভিন্ন স্থাপনা ও স্মারকেও যুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।