জ্বালানি সাশ্রয়ে মাঠ পর্যায়ের সভা এখন ভার্চুয়ালে: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা
- আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:০৩:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:০৩:৫৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০৯ বার পঠিত
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের অপচয় রোধে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে অংশগ্রহণের পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে একান্ত প্রয়োজন না হলে সশরীরে সভা আয়োজন এড়িয়ে চলতেও বলা হয়েছে।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার যখন একের পর এক সাশ্রয়মূলক পদক্ষেপ নিচ্ছে, তখনই এই নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবার কাছে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কথা মাথায় রেখে দেশে জ্বালানি তেলের সাশ্রয়ের পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে চালিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও বিভাগ আয়োজিত যেকোনো কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত করতে হবে। বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায়ের এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে অংশ নেবেন বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।
যানবাহনে জ্বালানির ব্যবহার কমানোর উদ্দেশ্যে একান্ত অপরিহার্য না হলে সশরীরে সভা আয়োজন থেকে বিরত থাকার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই নিয়ম যথাযথভাবে মেনে চলতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।