গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন তারেক রহমান
- আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১১:৫৫:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১১:৫৫:২৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে দল-মত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই গণভোট জনগণের ঐক্য ও আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন, যা রক্ষা করা নৈতিক দায়িত্ব।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বক্তব্যে তিনি রংপুরকে শহীদদের ত্যাগের স্মারক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে ‘জুলাই সনদ’-এর স্বপ্ন গড়ে উঠেছে, তা বাস্তবায়ন ও সংরক্ষণ জরুরি।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের গণআন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে ঐক্য তৈরি করেছে, তা ধরে রাখতে হবে। তিনি নিশিরাতের ও ডামি নির্বাচনের সংস্কৃতির অবসানের কথা উল্লেখ করে জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
জনসভায় রংপুরের সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, রংপুরকে গরিব অঞ্চল হিসেবে দেখার প্রবণতা ভুল; বরং এটি কৃষি ও শিল্পের জন্য সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে এবং কর্মসংস্থান বাড়াতে স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়া হবে।
কৃষক ও নারীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড প্রদান এবং অন্তত এক ফসলের জন্য বিনামূল্যে বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত জনতার কাছে তাদের প্রত্যাশার কথা জানতে চান। এ সময় জনতা ‘ধানের শীষ’ স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ আদায় শেষে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।