আয় কমছে, কমছে ক্রয়ক্ষমতা; চাপে ব্যবসা-বিনিয়োগ ও কর্মসংস্থান
উচ্চ মূল্যস্ফীতি, ঋণের সুদ ও জ্বালানি সংকটে দুর্বল হচ্ছে অর্থনীতি; উৎপাদন ও বিক্রি কমায় বাড়ছে খেলাপি ঋণ
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৩:২৩:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৩:২৩:২২ অপরাহ্ন
- ৪ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের চড়া সুদ, জ্বালানি সংকট ও বিনিয়োগে দীর্ঘসূত্রতার প্রভাবে চাপের মুখে পড়েছে দেশের অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যে গতি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার উৎপাদন। নতুন বিনিয়োগেও আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। এর প্রভাবে কমছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। বাজারে পণ্যের বিক্রি কমে যাওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নগদ প্রবাহেও সংকট তৈরি হয়েছে। অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় বাড়ছে খেলাপি ঋণ।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির চাপ বেশি থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতেই আয়ের বড় অংশ ব্যয় করতে হচ্ছে। ফলে নতুন পণ্য কেনা কিংবা বড় অঙ্কের খরচের সিদ্ধান্ত থেকে সরে আসছেন অনেক ভোক্তা। এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমছে, যার প্রভাব পড়ছে উৎপাদন ও বিনিয়োগে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৭ দশমিক ৯০ শতাংশ থাকলেও অক্টোবরে কমে হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি কিছুটা কমলেও মানুষের আয় বৃদ্ধির গতি আরও ধীর হয়েছে।
মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যেও। বিক্রি কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান ব্যাংকঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। ওই সময় মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগে খেলাপি ঋণের বড় অংশের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করার অভিযোগ থাকলেও বর্তমানে ব্যবসায়িক সংকটের কারণে অনেক উদ্যোক্তা কিস্তি পরিশোধ করতে পারছেন না। তাঁর মতে, এ প্রবণতা ব্যাংক খাতের জন্য উদ্বেগজনক।
অন্যদিকে নতুন বিনিয়োগের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন উদ্যোক্তারা। ব্যাংকঋণের উচ্চ সুদ, কাঁচামাল ও জ্বালানির বাড়তি দাম এবং আমলাতান্ত্রিক জটিলতায় নতুন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনসহ (বিসিক) বিভিন্ন দপ্তরের অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কোথাও কোথাও ঘুষ, তদবির ও হয়রানির শিকার হওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও ঘন ঘন নীতির পরিবর্তনের কারণে বিনিয়োগের পরিবেশ অনিশ্চিত হয়ে পড়ছে। একটি নতুন প্রকল্পের অনুমোদন পেতে গড়ে দুই থেকে তিন বছর সময় লাগছে। এ দীর্ঘসূত্রতার মধ্যে সুদ, জ্বালানি ও কাঁচামালের দাম বেড়ে প্রকল্পের সম্ভাব্যতা নষ্ট হচ্ছে। ফলে অনেক উদ্যোক্তা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসছেন।
বিনিয়োগে স্থবিরতার প্রভাব পড়ছে শিল্প উৎপাদন ও কর্মসংস্থানেও। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত দুই বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে। এতে চাকরি হারিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪২ জন শ্রমিক। তৈরি পোশাক ও টেক্সটাইলের পাশাপাশি আবাসন, চামড়া, জুতা, সিরামিক, প্লাস্টিক ও হোম টেক্সটাইল খাতেও বিনিয়োগ কমেছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক বলেন, শ্রমঘন আবাসন ও রিয়েল এস্টেট খাতের স্থবিরতার প্রভাব এর সঙ্গে সংশ্লিষ্ট ২৫০ থেকে ২৬০টি শিল্পে পড়ছে। এতে কর্মসংস্থান কমার পাশাপাশি অর্থনীতিতে সামগ্রিক চাহিদাও দুর্বল হচ্ছে।
বিনিয়োগ কমে যাওয়ার চিত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন অর্থনৈতিক সূচকেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি কমে ৪ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে, যা একই সময়ের হিসাবে এ যাবৎকালের সর্বনিম্ন।
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বেসরকারি বিনিয়োগ ০ দশমিক ৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ ০ দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, বিনিয়োগ ও কর্মসংস্থানের দুর্বলতা এবং জ্বালানি সংকট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর চাপ তৈরি করছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অনুকূল বিনিয়োগ পরিবেশের অভাবই দেশি-বিদেশি বিনিয়োগ না বাড়ার অন্যতম প্রধান কারণ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের ঘোষিত উদ্যোগের সঙ্গে বাস্তব কার্যক্রমের সামঞ্জস্য না থাকায় নীতি ও প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার বাড়তি ব্যয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে সতর্ক অবস্থান নিয়েছেন। মূল্যস্ফীতি, কম প্রবৃদ্ধি ও দুর্বল বিনিয়োগের সম্মিলিত প্রভাবে অর্থনীতিতে দীর্ঘস্থায়ী স্থবিরতার ঝুঁকি বাড়ছে।
তাঁর মতে, এ পরিস্থিতি মোকাবিলায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো এবং কর্মসংস্থানমুখী বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কাঠামোগত সংস্কার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।