রুশ জাহাজে হামলা, ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি মস্কোর
লিবিয়া ও বাল্টিক সাগরে জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ‘বেদনাদায়ক পরিণতির’ সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৪ বার পঠিত
ছবি সংগৃহীত
লিবিয়া ও বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কিয়েভকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এসব হামলার জন্য ইউক্রেনকে ‘বেদনাদায়ক পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে বাল্টিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্যও ইউক্রেনকে দায়ী করেছে ক্রেমলিন।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ জাহাজে হামলার বিষয়টি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখভাল করছে। মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।
পেসকভ বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে। তাঁর ভাষায়, ‘আমাদের সামরিক সদস্যরা প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ও সমন্বিত হামলা চালিয়ে যাচ্ছেন। এই কর্মকাণ্ডের পরিণতি কিয়েভের শাসকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার ঘটনাকে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেন পেসকভ। তিনি বলেন, বাল্টিক অঞ্চলের দেশগুলো কিয়েভকে এ ধরনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধে চাপ দিতে নিজেদের প্রভাব কাজে লাগাবে বলে মস্কো আশা করে।
সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রোববার লিবিয়ার বেনগাজির একটি নৌঘাঁটিতে রুশ করভেট যুদ্ধজাহাজ ‘মারকুরি’ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের বাহিনী। এ ছাড়া রাশিয়া অস্ত্র পরিবহনে ব্যবহার করে এমন একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকারের প্রতিদ্বন্দ্বী পূর্বাঞ্চলীয় সরকার এসব হামলার ঘটনায় জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, হামলার মাধ্যমে লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতি থাকার অভিযোগেরও আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে তারা।
মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ ও নৌযান লক্ষ্য করে ইউক্রেনের অভিযান জোরদারের অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যে ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহর ব্যবহার করে, হামলার শিকার জাহাজগুলো তার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শনিবার বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলায় আগুন ধরে যায় কালিনিনগ্রামগামী রুশ পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা-২’-এ। ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে।
এই হামলারও সমালোচনা করেছেন পেসকভ। তাঁর ভাষায়, এটি একটি ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’। এসব ঘটনার মধ্য দিয়ে সামুদ্রিক পরিবহনের ওপর রাশিয়ার ক্রমবর্ধমান নির্ভরশীলতার বিষয়টিও সামনে এসেছে।
সূত্র: আল জাজিরা
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।