ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার রেকর্ড, চলতি বছর প্রাণ গেছে ২৩ সদস্যের
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে আত্মহত্যা করেছেন ৭৩ সেনা ও কর্মকর্তা; অব্যাহতি পাওয়া সাবেক সেনাদের মধ্যেও বাড়ছে এ প্রবণতা
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৩:৩৩:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৩:৩৩:১৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির কর্মরত ২৩ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর এক বছরে সেনাবাহিনীতে এটিই সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা। একই সময়ে গত এক বছরে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর অন্তত ১৭ জন সাবেক সেনাও আত্মহত্যা করেছেন।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্মরত ও সাবেক সেনা মিলিয়ে আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার ঘটনা শুধু সামরিক বাহিনীতেই সীমাবদ্ধ নয়। ২০২৬ সালে দেশটির পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে হারেৎজ।
ইসরায়েলি সামরিক বাহিনীর সরকারি তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির ৭৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
তবে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সামরিক বাহিনীর প্রকাশিত পরিসংখ্যানে কেবল কর্মরত অবস্থায় আত্মহত্যা করা সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যার ঘটনাগুলো এই হিসাবের বাইরে রয়েছে।
হাইফা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যবিষয়ক এক শিক্ষাবিদ হারেৎজকে বলেন, চলমান যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মধ্যে মানসিক চাপ ও চরম অবসাদের মাত্রা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
ওই শিক্ষাবিদের আশঙ্কা, আগামী কয়েক বছর আত্মহত্যার হারের দিক থেকে ইসরায়েলের জন্য অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।