জননিরাপত্তার দাবিতে ২৪ নভেম্বর ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ
বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি, ১৮ নভেম্বর জরুরি বৈঠকে সিদ্ধান্ত
- আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৯:১৭:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৯:১৭:১০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬১ বার পঠিত
ছবি: সংগৃহীত
দেশব্যাপী চলমান সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। ওই দিন বিকেল ৩টায় ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
১৮ নভেম্বর বিকেল ৩টায় পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশজুড়ে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও পাল্টা হামলার ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পলাতক ফ্যাসিবাদীদের উসকানিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে উগ্রপন্থীদের সহিংস তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে। জনগণের জানমাল ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকারকে দূরদর্শী, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। অথচ একের পর এক সহিংস ঘটনা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ভারতীয় আশ্রয়ে থেকে পলাতক ফ্যাসিবাদী শক্তির দোসররা হম্বিতম্বি করবে, আর তার জেরে দেশে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করা হবে—এ দেশের মানুষ তা বরদাশত করবে না। দেশে শান্তি, স্থিতিশীলতা ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুহাম্মাদ ফয়সাল ও মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী ও সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী ও সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদ্দুজ্জামান, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।