টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট, আহত দুই শ্রমিক
- আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:২৫:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:২৫:৩১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এর চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে ওষুধ তৈরির কাঁচামাল ও কারখানার বিভিন্ন অংশে। পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা মডার্ন, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো কাজ করে। রাসায়নিক উপাদানজনিত ঝুঁকি মোকাবিলায় মিরপুর থেকে একটি বিশেষায়িত হ্যাজম্যাট টেন্ডারও পাঠানো হয়।
অগ্নিনির্বাপণে সহায়তার জন্য দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাতের পর তা দ্রুত ওষুধ তৈরির কাঁচামালের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দ্রুত বের হওয়ার সময় হুড়োহুড়িতে দুই শ্রমিক আহত হন বলে জানা গেছে। তাঁদের মধ্যে সাদেক হোসেন (৩৮) নামের একজনকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্য আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ, অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।