নিরাপদ খাদ্যের মোবাইল ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৬৪ জেলায় খাদ্য পরীক্ষা সম্প্রসারণের পরিকল্পনা সরকারের
- আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০১:২২:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০১:২২:৩৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৮ বার পঠিত
সংগৃহীত ছবি
ভেজালবিরোধী অভিযান জোরদার এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৬৪ জেলায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে আটটি মহানগরে এ কার্যক্রম চলছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে যাওয়ার আগে নিরাপদ খাদ্য পরীক্ষার একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে তিনি এর কার্যক্রম দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পরীক্ষাগারের কার্যপদ্ধতি এবং খাদ্যের নমুনা পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত জানান।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি জোরদার করা হয়েছে। বর্তমানে আটটি মহানগরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে খাদ্যে ভেজাল শনাক্তকরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। এসব পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।