রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী
আধুনিক ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বড় বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ট্রেন চলাচল বাড়াতে তিন ধাপে ৮০টি নতুন লোকোমোটিভ আমদানি করা হবে।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:০৯:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:০৯:৩০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে রেলখাতের উন্নয়নে বড় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রেলপথে ট্রেন চলাচল বাড়াতে তিন ধাপে আরও ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, নৌপরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, ভবিষ্যতে রেল পরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব করা হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ উন্নত ও আধুনিক করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য রেলখাতের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগের সরকারের সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, রেলওয়ের উন্নয়নে অতীতের সরকারগুলো উল্লেখযোগ্য উদ্যোগ নেয়নি। বরং উন্নয়নের নামে রেলওয়েকে অনেকাংশে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং কারখানার প্রধান নির্বাহী হাসানুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও রেলওয়ের মহাপরিচালক কারখানা চত্বরে চারটি জলপাইয়ের চারা রোপণ করেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।