বিমানে ছারপোকার উপদ্রব, কান্টাসের ফ্লাইট বাতিল
যাত্রীদের কামড়ানোর অভিযোগ, উড়োজাহাজ পরিষ্কারে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৮:৩২:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৮:৩২:০৮ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি সংগৃহীত
বিমানে ছারপোকার উপদ্রবের কারণে ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইট বাতিল করেছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস। শনিবার (১০ অক্টোবর) উড়োজাহাজটি পরিষ্কার করার জন্য সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়। এ ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি। খবর বিবিসির।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পার্থ থেকে রোমগামী প্রায় ১৭ ঘণ্টার যাত্রায় কয়েকজন যাত্রী ছারপোকার কামড়ের অভিযোগ করেন। কামড়ের চুলকানি কমাতে তাঁদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হলেও একপর্যায়ে ওষুধের সরবরাহ শেষ হয়ে যায় বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
কান্টাসের এক মুখপাত্র জানান, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ইকোনমি শ্রেণির কয়েকটি আসনে ছারপোকার উপস্থিতি শনাক্ত করা হয়। পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটি। যাত্রীদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি মূল যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে তাঁদের আসন নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য অনুযায়ী, ছারপোকা ছোট ও ডানাবিহীন পোকা, যা বিছানা, কাপড় ও আসবাবপত্রে থাকতে পারে। এদের কামড়ে চুলকানি হলেও সাধারণত গুরুতর স্বাস্থ্যসমস্যা হয় না।
পরিবহন খাতে ছারপোকার উপদ্রবের ঘটনা এবারই প্রথম নয়। সম্প্রতি ইংল্যান্ডে ট্রেনচালকদের কক্ষে ছারপোকা পাওয়ায় সাউথইস্টার্ন রেলওয়ের কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছিল। এ ছাড়া ২০১৭ সালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ছারপোকার কামড়ের অভিযোগ তুলেছিল একটি পরিবার। গত বছর তুর্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজেও একই ধরনের অভিযোগ ওঠে। এসব ঘটনা বিমান ও রেল পরিবহনে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব আবারও সামনে এনেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।