ফ্রান্সিস হ্যালজেন পেলেন ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল
আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে অবদানের স্বীকৃতি
- আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি সংগৃহীত
২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ান-আমেরিকান পার্টিকল ফিজিসিস্ট ফ্রান্সিস হ্যালজেন। ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নির্বাচন করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এ পুরস্কারের অর্থমূল্য মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। একাধিক বিজয়ী থাকলে নির্ধারিত অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
সুইডিশ উদ্ভাবক ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী নোবেল পুরস্কারের প্রবর্তন করা হয়। ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া আলফ্রেড নোবেল তার সম্পদের বড় অংশ পুরস্কারের জন্য রেখে যান। ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শুরুতে এ পুরস্কার দেওয়া হলেও পরে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে অর্থনীতিও এর অন্তর্ভুক্ত হয়।
আলফ্রেড নোবেলের উইলে পদার্থবিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে আসছে। মহাবিশ্ব ও প্রকৃতির মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে মানুষের ধারণা বদলে দেওয়া বিভিন্ন আবিষ্কার ও গবেষণার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের তালিকায় রয়েছেন বিজ্ঞানের ইতিহাসের বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, পিয়েরে কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক ও নিলস বোর। আধুনিক পদার্থবিজ্ঞানের বিকাশে তাদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস। কোয়ান্টাম ফিজিক্সের নীতিগুলো বাস্তবে কীভাবে কাজ করে, তা প্রদর্শনকারী পরীক্ষার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
চলতি বছরের নোবেল পুরস্কারের এটি দ্বিতীয় ঘোষণা। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। প্রতি বছর ১০ ডিসেম্বর স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নোবেল পদক তুলে দেন সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এ পুরস্কার প্রদান করা হয়। পরে স্টকহোম সিটি হলে আয়োজন করা হয় নোবেল ভোজের। তবে নোবেল শান্তি পুরস্কার সুইডেনে নয়, নরওয়ের রাজধানী অসলোতে প্রদান করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।