রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল দিল্লি পুলিশ
ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ
- আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৯:৩৮:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৯:৩৮:২২ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রমে কথিত কারচুপির প্রতিবাদে টানা প্রায় ৯ ঘণ্টা বিক্ষোভের পর কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নয়াদিল্লির আকাশবাণী ভবনের সামনের চত্বর থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বহু সাংসদ ও নেতাকর্মীকে আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।
সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিরোধী দলগুলো। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সংসদ ভবন চত্বর থেকে ‘ইন্ডিয়া’ জোটের তিন শতাধিক বিরোধী সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ‘নির্বাচন সদন’ অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি সংসদ মার্গে পৌঁছালে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। এ সময় রাহুল গান্ধীসহ কয়েকজন সাংসদ ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান। পরে নির্বাচন সদনে ঢুকতে না পেরে তারা আকাশবাণী ভবনের মূল ফটকের সামনে ও চত্বরে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী। সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, ভোট চুরির মাধ্যমে দেশের নির্বাচনী ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা হচ্ছে। কংগ্রেস নেতারা জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সংসদীয় প্রতিনিধি দলের সরাসরি সাক্ষাৎ এবং তাদের দাবির যৌক্তিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বা সমঝোতার চেষ্টা করেছে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো যোগাযোগের তথ্য সত্য নয়। জনগণকে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।