ভারতের দিল্লিতে তিন নারী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিবেক ভগৎকে পদোন্নতি দিয়েছে দিল্লি পুলিশ। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। তবে পুলিশের দাবি, এটি নিয়মিত পদোন্নতি এবং অভিযোগ ওঠার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল।
বিবেক ভগৎ দিল্লি পুলিশের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে আরও ১১ জন পুলিশ কর্মকর্তাকেও পদোন্নতি দেওয়া হয়েছে।
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে চলা একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন নারী সাংবাদিক দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম বিবেক ভগৎ। এ ঘটনায় তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাংবাদিকদের একাংশ আন্দোলন করে আসছে।
অভিযোগের বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের কথা উল্লেখ করে দিল্লি পুলিশ বিষয়টি ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়েছে। তবে এখনো বিবেক ভগৎসহ অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভও হয়েছে। সোমবার সকালে সেখানে থাকা কয়েকজন বিক্ষোভকারী ও সাংবাদিককে পুলিশ আটক করে বলে অভিযোগ। অভিযোগকারী এক সাংবাদিককেও আটক করা হয় বলে জানা গেছে।
বিরোধী দলগুলোর নেতারাও এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করেছেন এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরকে পুলিশের ন্যূনতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।