ইরানের সঙ্গে সম্পর্কিত হুমকির কারণে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তবে বিমান সরানোর সঙ্গে ইরান-সংশ্লিষ্ট কথিত ষড়যন্ত্রের সরাসরি কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ট্রাম্প বলেন, বিমানগুলো যুক্তরাজ্যের ওই ঘাঁটিতে রাখলে ঝুঁকি তৈরি হতে পারে—এমন তথ্য পাওয়ার পর সেগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ইরানের কোনো যোগসূত্র রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ওই হুমকি ইরানের সঙ্গে যুক্ত। তার ভাষ্য অনুযায়ী, ঝুঁকি নেওয়ার চেয়ে বিমানগুলো অন্যত্র সরিয়ে নেওয়াই নিরাপদ বলে মনে করা হয়েছে।
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ইউরোপে মার্কিন ভারী বোমারু বিমানের গুরুত্বপূর্ণ ঘাঁটি। সম্প্রতি ইরানের ওপর মার্কিন হামলায়ও এই ঘাঁটিতে থাকা বি-১ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। ফলে বিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সামরিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে ঘাঁটির কাছে পাঁচ ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেফতার করা হয়। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত এখনো চলছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডস আরএএফ ফেয়ারফোর্ডকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবেই বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপের সঙ্গে ফেয়ারফোর্ড ঘাঁটিকে ঘিরে কথিত ষড়যন্ত্রের সরাসরি সম্পর্ক থাকার বিষয়টি নাকচ করেছেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী পেন্টাগন নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন স্থানে সামরিক সম্পদ পুনর্বিন্যাস করে থাকে।
এদিকে ন্যাটোর একটি সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের জন্য ইরান এখনো বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ঘাঁটি ঘিরে কথিত ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
ইরানকে ঘিরে শঙ্কা, যুক্তরাজ্য থেকে বি-১ বিমান সরাল যুক্তরাষ্ট্র
আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বিমান সরানোর সিদ্ধান্ত নিয়ে ভিন্ন বক্তব্য মার্কিন কর্মকর্তাদের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৮:৫০:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৯:০০:২১ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর