বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কায় ৩ নম্বর সতর্ক সংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস
- আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৩:৫৩:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৩:৫৭:১৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৮৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তা অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় রয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দেশের কয়েকটি নদীবন্দরেও সতর্ক সংকেত জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বেলা ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা বাতাসও বয়ে যেতে পারে।
দুপুর ১২টায় ঢাকায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৫৫ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
রোববার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বাতাসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।