বিরোধী দল হিসেবে অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, অভিযোগ শফিকুর রহমানের
সংসদ ও উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্যের অভিযোগ, গণভোটের রায় নিয়েও সরকারের সমালোচনা
- আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:২১:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:২১:০৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৯৯ বার পঠিত
ছবি সংগৃহীত
বিরোধী দল হিসেবে প্রাপ্য অধিকারের বড় একটি অংশ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল বৈষম্যের শিকার হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার ২৫ আগস্ট রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কার্যালয়ে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দেশ বর্তমানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা অনেকটাই হতাশায় পরিণত হয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও দেশের স্বার্থে বিরোধী দল নির্বাচনের ফল মেনে নিয়েছে বলে দাবি করেন তিনি।
তবে সরকারের বিরুদ্ধে বিরোধী দল ও দেশের মানুষের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগ তুলে তিনি বলেন, বিরোধী দল হিসেবে এই বৈষম্য মেনে নেওয়া হবে না। সংসদ ও সংসদের বাইরে বিরোধী দল বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমিরের অভিযোগ, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হয়, তার তুলনায় বিরোধী দলের জন্য বরাদ্দ খুবই কম। সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রেও সরকার একই ধরনের আচরণ করছে বলে দাবি করেন তিনি।
এদিকে গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ভোটের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মতি জানিয়েছিল। কিন্তু ভোটের পর এ বিষয়ে সরকারের অবস্থানে পরিবর্তন এসেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।