জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় রায়ের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা আড়াইটার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২০ ডিসেম্বর ভোরে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা সংলগ্ন মালঞ্চা এলাকায় মাদক বিক্রির গোপন খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর ইসলাম পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ভারতীয় ৫০টি নেশাজাতীয় অ্যাম্পল ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পরে মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।