ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন

আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসা ও অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা বহাল থাকবে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১১:২৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১১:২৯:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৬ বার পঠিত
পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া তিনি দায়িত্ব ছাড়ার পরও প্রচলিত আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসাসেবা, কূটনৈতিক পাসপোর্টসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এসব সুবিধার বিষয়টি রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে নির্ধারিত রয়েছে।
 
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে অন্তত ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদ শেষ হলে মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সর্বশেষ মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে অবসর ভাতা পাবেন। দ্য প্রেসিডেন্টস রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট, ১৯৭৫ এর ২০১৬ সাল পর্যন্ত সংশোধিত বিধান অনুযায়ী রাষ্ট্রপতির বর্তমান মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে মো. সাহাবুদ্দিন প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাওয়ার যোগ্য হবেন।
 
আইনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি হওয়ার আগে অন্য কোনো চাকরি থেকে অবসর ভাতা গ্রহণ করলে তিনি রাষ্ট্রপতির অবসর ভাতা অথবা পূর্ববর্তী অবসর ভাতার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। অবসর ভাতা গ্রহণকারী সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তাঁর বিধবা স্ত্রী অথবা প্রযোজ্য ক্ষেত্রে বিপত্নীক স্বামী মূল অবসর ভাতার দুই তৃতীয়াংশ হারে আজীবন মাসিক ভাতা পাবেন।
 
অবসর ভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণের সুযোগও রয়েছে। এ জন্য অবসর ভাতার অধিকার অর্জনের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। আনুতোষিকের পরিমাণ নির্ধারিত হবে একজন ব্যক্তি যত বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই সময়ের ভিত্তিতে। এ ক্ষেত্রে আংশিক বছরও পূর্ণ বছর হিসেবে গণ্য হবে। কোনো সাবেক রাষ্ট্রপতি আনুতোষিক বা অবসর ভাতা গ্রহণের আগেই মারা গেলে আইন অনুযায়ী তাঁকে আনুতোষিক গ্রহণে আগ্রহী হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অর্থ তাঁর মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীরা পাবেন।
 
রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর একজন সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। পাশাপাশি সরকার নির্ধারিত দাপ্তরিক ব্যয়, একজন মন্ত্রীর সমমানের চিকিৎসাসুবিধা, সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, আবাসস্থলে টেলিফোন সংযোগ ও নির্ধারিত সীমা পর্যন্ত বিল পরিশোধের সুবিধা পাবেন। এছাড়া কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও থাকবে। একই ধরনের চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে অবস্থানের সুবিধা তাঁর স্ত্রীও ভোগ করতে পারবেন।
 
তবে আইনে কিছু ক্ষেত্রে এসব সুবিধা বাতিলের বিধান রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর সংযুক্ত তহবিল থেকে বেতন বা অন্য সুবিধা পাওয়া যায় এমন কোনো পদে দায়িত্ব নিলে অবসর ভাতা ও সংশ্লিষ্ট সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতের রায়ে দণ্ডিত হলে অথবা উচ্চ আদালত অসাংবিধানিক বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার ঘোষণা দিলে ওই ব্যক্তি এসব সুবিধার অধিকার হারাবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।