গত বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার গাংনামে কিনেমাস্টারের প্রধান কার্যালয় পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির গ্লোবাল ম্যানেজমেন্ট ও কোর ডেভেলপমেন্ট টিমের সাথে এক বিশেষ বৈঠকে অংশ নেন বাংলাদেশ টাইমস-এর মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ। সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্তের কথা জানায় কিনেমাস্টার কর্তৃপক্ষ।
বৈঠকে কিনেমাস্টার কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ডিজিটাল কনটেন্ট তৈরির ক্ষেত্র এবং মোবাইল সাংবাদিকতার অপার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এ সুবিধা দেওয়া হচ্ছে। নতুন ৮.২ সংস্করণ থেকে সাধারণ মোবাইল ব্যবহারকারীরাও কোনো প্রকার লোগো বা ওয়াটারমার্ক ছাড়া স্বচ্ছন্দে ফুল রেজল্যুশনে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন।
বিজ্ঞাপন প্রদর্শনের নিয়মেও ব্যবহারকারীদের স্বস্তি দিতে বড় পরিবর্তন আনা হয়েছে। কিনেমাস্টার জানায়, এখন থেকে এডিটিং স্ক্রিনে প্রবেশের সময় ব্যবহারকারীদের ওপর আর জোরপূর্বক কোনো বিজ্ঞাপন চাপিয়ে দেওয়া হবে না। এছাড়া প্রতিটি ব্যবহারকারী প্রতিদিন প্রথম পাঁচটি ভিডিও কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই এক্সপোর্ট করতে পারবেন। তবে দিনে পাঁচটির বেশি ভিডিও এক্সপোর্টের প্রয়োজন হলে প্রক্রিয়া শুরুর আগে শুধু একটি বিজ্ঞাপন দেখতে হবে।
কিনেমাস্টারের শীর্ষ নীতিনির্ধারক ও প্রধান প্রযুক্তি দলের সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশ টাইমস-এর মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ জানান, এডিটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগান্তকারী প্রয়োগ এবং মাঠপর্যায়ের মোবাইল সাংবাদিকদের কাজের গতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্মার্টফোন দিয়ে পেশাদার কাজ করা দেশের তরুণ ক্রিয়েটর ও সাংবাদিকদের জন্য এটি অভাবনীয় সুযোগ তৈরি করবে।
এছাড়া কিনেমাস্টারের নতুন আপডেটে ট্যাবলেট ও বড় পর্দার ডিভাইসের জন্য উন্নত ইন্টারফেস যুক্ত করা হয়েছে এবং খুব শীঘ্রই ক্রোমবুকের জন্য পূর্ণাঙ্গ পিসি-স্টাইল এডিটিং প্যানেল আনার পরিকল্পনা চলছে। আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশের ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে নতুন আপডেটের মাধ্যমে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ থেকে আমি প্রথম মোবাইল জার্নালিস্ট যে কিনেমাস্টার অফিসে গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছি এবং বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য সুযোগ উন্মোচন করতে আলোচনা করেছি।
বাংলাদেশ থেকে প্রথম কোনো মোবাইল সাংবাদিক হিসেবে সরাসরি কিনেমাস্টারের প্রধান কার্যালয়ে তাদের শীর্ষ ম্যানেজমেন্ট ও প্রযুক্তি দলের সাথে বসেছি। বৈঠকে আমাদের দেশের তরুণ কনটেন্ট নির্মাতা ও সাংবাদিকদের মাঠপর্যায়ের কাজের চ্যালেঞ্জগুলো তাদের সামনে তুলে ধরি।
মূলত এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ওয়াটারমার্কমুক্ত সুবিধার নতুন দিগন্ত উন্মোচিত হয়- জানান সাব্বির।