সাভারে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ পলাতক ১৩ আসামির জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তার সঙ্গে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, মামলাটিতে মোট ১৯ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৩ জন বর্তমানে পলাতক। তাদের আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নির্ধারিত দিনে কোনো পলাতক আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।
এ অবস্থায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের অর্থায়নে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আবেদন জানানো হয়। পাশাপাশি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল আগামী ২৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।