র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের পর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির আশঙ্কা, প্রস্তাবিত আইনের মাধ্যমে নতুন নামে র্যাবের মতো অধিক ক্ষমতাসম্পন্ন ও দুর্বল জবাবদিহির একটি বাহিনীর আইনি ভিত্তি তৈরি হতে পারে।
রোববার ৬ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, প্রস্তাবিত বিলে এসআরবিকে ব্যাপক ও অস্পষ্ট ক্ষমতা দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি অস্ত্র ও বলপ্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত আইনি সুরক্ষার ঘাটতি, সন্দেহের ভিত্তিতে পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেফতারের সুযোগ এবং স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে এমন অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার বিষয়েও উদ্বেগ রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, র্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত দীর্ঘদিনের প্রত্যাশিত একটি পদক্ষেপ এবং টিআইবি এটিকে ইতিবাচকভাবে দেখতে চেয়েছিল। তবে শুধু একটি বাহিনীর নাম পরিবর্তন করলেই প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত হয় না।
র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের গুরুতর অভিযোগ ও প্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নতুন বাহিনীর কাঠামো, জনবল, ক্ষমতা, বলপ্রয়োগের বিধান এবং জবাবদিহির ব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন। অন্যথায় এসআরবি নামে একই ধরনের ক্ষমতা ও সংস্কৃতির বাহিনী গড়ে উঠলে তা পুরোনো প্রতিষ্ঠানের শুধু খোলস পরিবর্তনের শামিল হবে।
এ ছাড়া র্যাবের বর্তমান জনবল যথাযথ যাচাই ছাড়া নতুন বাহিনীতে স্থানান্তরের সুযোগ নিয়েও আপত্তি জানিয়েছে টিআইবি। সংস্থাটি জাতিসংঘের সিকিউরিটি সেক্টর রিফর্ম এসএসআর ও ডিডিআর মানদণ্ড অনুসারে স্বচ্ছ ও নিরপেক্ষ ভেটিং প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছে। অতীতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন বা গুমের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত কিংবা জড়িত কোনো সদস্য যাতে নতুন বাহিনীতে অন্তর্ভুক্ত হতে না পারেন, তা নিশ্চিত করার সুপারিশ করেছে তারা।
টিআইবির মতে, র্যাব বিলুপ্তির পর নতুন বাহিনী গঠনের ক্ষেত্রে সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। এসআরবির ক্ষমতার সুস্পষ্ট সীমা, স্বাধীন ও নিরপেক্ষ তদারকি, সদস্যদের স্বচ্ছ যাচাই, বিচারিক সুরক্ষা এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করা না হলে র্যাব বিলুপ্তির মূল উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।
এদিকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল, ২০২৬’ এর ধারা ওয়ারি বিশ্লেষণ এবং সুপারিশসহ একটি বিস্তারিত পলিসি ব্রিফ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে টিআইবি। বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত নিয়ে সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিলটি আইনে পরিণত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির গভীর উদ্বেগ
নতুন বাহিনীতে র্যাবের পুরোনো কাঠামো ও ক্ষমতার পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছ যাচাই ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১০:০৫:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১০:০৫:৫০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর