রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আইআরজিসির বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসির দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি নৌযানকে হয়রানি করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিয়েছিল। হামলার পর জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে যুদ্ধ এলাকা থেকে সরে যায় বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের এই দাবির সঙ্গে ভিন্নমত জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারটি একাধিক ক্ষেপণাস্ত্র হামলা এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানি বাহিনীর হামলার পর তারা তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এ পালটাপালটি হামলার মধ্য দিয়ে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। তথ্যসূত্র: তাস, ইরনা, রয়টার্স