রোববার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের এখন বুঝে যাওয়া উচিত যে ‘আনুপাতিক জবাব’ দেওয়ার সময় শেষ হয়ে গেছে। ইরানি বাহিনী সম্প্রতি মার্কিন স্বার্থ ও ঘাঁটিগুলো লক্ষ্য করে যে অভিযান চালিয়েছে, তা কেবল শুরু বলেও মন্তব্য করেন তিনি।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনো এই বার্তা বুঝতে না পারে, তাহলে খুব দেরি হওয়ার আগেই তাদের উপলব্ধি করতে হবে যে ‘খেলার নিয়ম পাল্টে গেছে’। ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব আরও দ্রুত, কঠোর ও বেদনাদায়ক হবে বলে সতর্ক করেন তিনি।
ইরানের এই হুঁশিয়ারি আসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার পর। সাম্প্রতিক সংঘাতে ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওই দুটি যুদ্ধজাহাজ হামলা এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
এরপর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়। পালটাপালটি হামলার পর হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। একই সময়ে ইরান শিগগিরই প্রণালির বাইরে একটি নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছে।