হাইতির দুর্গে পদদলিত হয়ে নিহতের আশঙ্কা অন্তত ৩০
- আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:৫০:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:৫০:৫২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৬ বার পঠিত
হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়ের। সংগৃহীত ছবি
হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়েরে ইস্টার উপলক্ষে আয়োজিত সমাবেশে পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের চাপ বাড়তে থাকায় এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি গভীর শোক প্রকাশ করে বলেন, মিলো শহরের ওই স্থানে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটনমূলক অনুষ্ঠানের সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সব সংস্থাকে কাজে লাগানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে প্রচারের কারণে ব্যাপক মানুষের সমাগম হয়। প্রবেশপথের কাছে অতিরিক্ত ভিড় থেকে পদদলিতের ঘটনা শুরু হয় এবং হঠাৎ ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তবে সরকারি বিবৃতিতে এখনো মৃতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, যদিও স্থানীয় সূত্রগুলো অন্তত ৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছে।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি নির্মাণ করেন। বর্তমানে এটি হাইতির স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।