মোদির সঙ্গে বন্ধুত্বের সুফল: ভারতীয় পণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০২:৪৮:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০২:৪৯:২৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি অবশেষে আলোর মুখ দেখলো। শুক্রবার রাশিয়ার জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, এই চুক্তির আওতায় ভারত পর্যায়ক্রমে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কিনবে। এছাড়া আগামী ১০ বছরের জন্য ওয়াশিংটনের সঙ্গে একটি সুদূরপ্রসারী প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো তৈরিতেও সম্মত হয়েছে দিল্লি।
প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত এই আদেশটি মার্কিন স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হতে যাচ্ছে। এর ফলে দীর্ঘদিনের বাণিজ্যিক উত্তজনা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ধাপে ধাপে ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যকার ব্যক্তিগত উষ্ণ সম্পর্কের কারণেই এই জটিল বাণিজ্যিক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়েছে। ট্রাম্প এর আগেও বহুবার মোদিকে তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন, যার প্রতিফলন এবার দেখা গেল মার্কিন অর্থনীতি ও কূটনীতিতে।
(সূত্র: এএফপি)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।