অস্থায়ী কর্মী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রে এইচ-২বি ভিসা সংখ্যা প্রায় দ্বিগুণ
- আপলোড সময় : ৩১-০১-২০২৬ ১০:৫৭:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০১-২০২৬ ১০:৫৭:৪৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্র অস্থায়ী এইচ-২বি কর্মী ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন শ্রমনির্ভর খাতে তীব্র কর্মী সংকট মোকাবিলার লক্ষ্যে প্রায় ৬৫ হাজার অতিরিক্ত ভিসা অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) ও শ্রম বিভাগ যৌথভাবে শুক্রবার এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ৬৪ হাজার ৭১৬টি অতিরিক্ত এইচ-২বি ভিসা যুক্ত করা হয়েছে। এর ফলে বার্ষিক নির্ধারিত প্রায় ৬৬ হাজার ভিসার সঙ্গে মিলিয়ে মোট সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছেছে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সর্বোচ্চ।
এইচ-২বি ভিসা মূলত অস্থায়ী ও মৌসুমি শ্রমিক নিয়োগের জন্য ব্যবহৃত হয়। ভবন ও অবকাঠামো নির্মাণ, হোটেল ও পর্যটন খাত, নগর সৌন্দর্যবর্ধন, সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন শ্রমঘন শিল্পে এই ভিসার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, অভ্যন্তরীণ শ্রমবাজারে পর্যাপ্ত কর্মী না পাওয়ায় এসব খাতে উৎপাদন ও সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।
মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্তের পেছনে দেশটিতে চলমান অবৈধ অভিবাসনবিরোধী কঠোর অভিযানের সরাসরি প্রভাব রয়েছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং এ সংক্রান্ত আইনে স্বাক্ষরের পর বিভিন্ন অঙ্গরাজ্যে গ্রেপ্তার ও প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করা হয়।
ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, গত এক বছরে হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে কৃষি, নির্মাণ ও সেবা খাতসহ শ্রমনির্ভর শিল্পগুলোতে কর্মী সংকট আগের তুলনায় আরও প্রকট হয়ে ওঠে। সেই বাস্তবতায় অর্থনৈতিক ক্ষতি এড়াতে অস্থায়ী কর্মী ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠান স্থানীয় শ্রমিকের অভাবে গুরুতর আর্থিক ঝুঁকির মুখে পড়েছে, মূলত তাদের প্রয়োজন বিবেচনায় রেখেই এই অতিরিক্ত এইচ-২বি ভিসা বরাদ্দ দেওয়া হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।