যশোরে সাড়ে ১০ কেজি রুপা ও বিদেশি মদ উদ্ধার, আটক ৪
- আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১১:৫৫:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১১:৫৫:৩১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৩ বার পঠিত
ছবি সংগৃহীত
যশোর সদর উপজেলার দায়তলা বাজার এলাকা থেকে সাড়ে ১০ কেজি রুপা ও বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি দল দায়তলা বাজারে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক চলাফেরার কারণে চারজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কেজি রুপা, এক বোতল বিদেশি মদ, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ২০৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার জিকরা দক্ষিণপাড়ার তরুণ কুমার রায়, আলাইপুর উত্তরপাড়ার শিমুল মোড়ল, উত্তর ভাদিয়ালী গ্রামের শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আউয়াল হোসেন।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে জব্দ করা রুপা ও বিদেশি মদ যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত রুপা ও অন্যান্য সামগ্রীর মোট মূল্য প্রায় ৬৫ লাখ ৭৯ হাজার ৭০৫ টাকা বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।