ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা
কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটিতে অভিযান ঘিরে উত্তেজনা, লড়াইয়ের হুঁশিয়ারি সশস্ত্র গোষ্ঠীর
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৯:০১:৫৫ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
তেল চুরি ও পাচারের অভিযোগকে কেন্দ্র করে ইরাকের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে বাগদাদ। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকারের এই কঠোর পদক্ষেপে দেশটির নিয়মিত সেনাবাহিনী ও মিলিশিয়াদের মধ্যে বড় ধরনের সশস্ত্র সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। তবে দীর্ঘ বছর ধরে তেল চুরির এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কাতাইব হিজবুল্লাহ পাল্টা দাবি করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে ইরাক সরকার তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে।
বাগদাদের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জুরফ আল-সাখার শহরটি ২০১৪ সাল থেকেই এই শিয়া সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে। সে সময় ইরাকি বাহিনী ও মিত্র মিলিশিয়ারা মিলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে ওই অঞ্চল থেকে হটিয়ে দেওয়ার পর থেকে এলাকাটি বাইরের মানুষের জন্য অনেকটাই নিষিদ্ধ ও বিচ্ছিন্ন ছিল। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকার ভেতর দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বেশ কয়েকটি তেলের পাইপলাইন চলে গেছে।
সম্প্রতি ফাস হওয়া ইরাকি গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের জের ধরেই সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্যাটেলাইট বা উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রের ওপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, জুরফ আল-সাখার এলাকার পাইপলাইনগুলো থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল সরিয়ে নেওয়া হচ্ছিল। এই গোয়েন্দা তথ্যের পর সরকারি তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে ছয়টি স্থানে পাইপলাইন ছিদ্র বা কারসাজির প্রমাণ পাওয়ার কথা জানান। এছাড়া সেখান থেকে দুটি অস্থায়ী তেল শোধনাগার, তেল সংরক্ষণের ট্যাংক এবং একটি ট্যাংকার ট্রাকও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
তদন্তের এই ভয়াবহ ফলাফলের পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি নিরাপত্তা বাহিনী ও তেল খাতের নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। পাশাপাশি, ‘দ্য ন্যাশনাল’-এর উদ্ধৃত একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জুরফ আল-সাখার এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য কাতাইব হিজবুল্লাহকে আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অন্যদিকে, কাতাইব হিজবুল্লাহ তেল পাচারের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততার কথা পুরোপুরি অস্বীকার করেছে এবং তদন্তকারীদের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ তৈরির অভিযোগ তুলেছে। গোষ্ঠীটির দাবি, তদন্তে যে স্থাপনাটিকে অবৈধ শোধনাগার হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটি মূলত চোরাই অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার জন্য নয়, বরং তাদের সামরিক যান এবং জেনারেটরের জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহৃত হতো।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতাইব হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা আবু তালিব আল-সাইদি সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা কোনোভাবেই জুরফ আল-সাখার ছাড়বেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের লাশ ও রক্তের ওপর দিয়ে গেলেও আমরা এই এলাকা ছাড়ব না। তবে একইসঙ্গে তিনি এটিও জোর দিয়ে বলেছেন যে, সরকারি বাহিনীর সঙ্গে যেকোনো ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা করা হবে।
বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক উল্লেখ করে সাইদি সতর্ক করে বলেন, ইরাক এখন একটি সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, এবং এটি একটি অনেক বড় সংকট; আর এমন কিছু পক্ষ রয়েছে যারা চায় এই সংকট আরও ঘনীভূত হোক। তিনি প্রধানমন্ত্রী আল-জাইদির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই সংঘাত উসকে দেওয়ার অভিযোগ আনেন। এছাড়া কাতাইব হিজবুল্লাহর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নিরস্ত্রীকরণে বাধ্য করতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রবল চাপে নতি স্বীকার করে বাগদাদ এই পদক্ষেপ নিয়েছে।
জুরফ আল-সাখার ঘিরে তৈরি হওয়া এই অচলাবস্থা ইরাকের ক্ষমতাসীন শিয়া জোটের ভেতরেও গভীর বিভক্তি সৃষ্টি করেছে, যে জোটের সমর্থনেই গত মে মাসে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী আল-জাইদি। সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিসহ জোটের বেশ কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ এই এলাকায় সামরিক হস্তক্ষেপের ঘোর বিরোধিতা করছেন এবং আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে অঞ্চলটি সরকারের হাতে হস্তান্তরের পক্ষে মত দিয়েছেন।
মূলত ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার এবং দেশটিতে তেহরানের প্রভাব খর্ব করার জন্য চাপ দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে ইরাক সরকার ২০২৭ সালের জুনের মধ্যে এই গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসার অঙ্গীকার করেছে, কিন্তু কাতাইব হিজবুল্লাহসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।