ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা
মার্কিন প্রেসিডেন্টের সামরিক সাফল্যের দাবির বিপরীতে গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে।
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৯:৫৯:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:০০:৪৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দাদের এক নতুন মূল্যায়নে দেখা গেছে, ইরানের অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এর অর্থ হলো, যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের ঘাঁটিতে হামলা চালানোর জন্য তেহরানের কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র মজুত বা ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে—তার সঠিক হিসাব করা কঠিন। তবে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হলেও তারা আবার অস্ত্রের মজুত গড়ে তুলছে বলে কর্মকর্তারা মনে করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে মজুত করা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যদিও আগের চেয়ে তাদের উৎপাদন কিছুটা ধীর, তবে শত্রুদের ওপর হামলার জন্য তাদের কাছে এখনো পর্যাপ্ত ড্রোন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদেরও ধারণা, ইরানের কাছে ১ হাজার ৫০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, যদি ইরানের কাছে এখনো দেড় হাজার ক্ষেপণাস্ত্র থাকে, তবে বুঝতে হবে তারা যুদ্ধপূর্ব মজুতের অর্ধেকেরও বেশি পুনর্গঠন করে ফেলেছে। বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি, রাডার ব্যবস্থা ও আগাম সতর্কীকরণ কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান আগের চেয়ে নির্ভুল তথ্যের ভিত্তিতে হামলার কৌশল পাল্টেছে।
তবে ওয়াশিংটনভিত্তিক ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ‘ট্রেন্ডস ইউএস’-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক বিলাল সাব বলেন, অস্ত্রের সংখ্যাই সব নয়। ইরান কীভাবে এটি ব্যবহার করছে, তা গুরুত্বপূর্ণ। তাদের কমান্ডাররা আরও কার্যকর হামলার জন্য নতুন কিছু কৌশলও শিখেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভেটেরানস ডে উপলক্ষে গত বুধবার ট্রাম্প ঘোষণা দেন, ‘আমরা জয়ী হয়েছি। আমরা ৯৩ শতাংশ নয়, সম্পূর্ণ বিজয় চাই।’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও গত মঙ্গলবার দাবি করেন, ইরানের ৮০ শতাংশ পারমাণবিক ও প্রতিরক্ষা শিল্প ধ্বংস করে দেওয়া হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের এসব দাবির মধ্যেই গত রোববার ভোরে বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করেনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।