নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার কাহানা
আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা ৬৬ ভোটে স্পিকার নির্বাচিত, ডেপুটি স্পিকার হয়েছেন আহমেদ তিবি।
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৭৩ বার পঠিত
ছবি সংগৃহীত
নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গাদি আইজেনকটের ঘনিষ্ঠ সহযোগী মাতান কাহানা। ভোটে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন। এর আগে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেতানিয়াহুর কট্টর সমালোচক আরব রাজনীতিক আহমেদ তিবি।
স্থানীয় সময় গত মঙ্গলবার নেসেটের নতুন স্পিকার নির্বাচনে ভোট দেন আইনপ্রণেতারা। এতে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন ৫৪ বছর বয়সী মাতান কাহানা। তাঁর প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী ওফির কাতজ পান ৫২ ভোট। ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি।
স্পিকার ও ডেপুটি স্পিকার—দুটি গুরুত্বপূর্ণ পদেই এখন নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক দল লিকুদ পার্টির বিরোধীরা দায়িত্ব পেয়েছেন। ইসরায়েলের রাজনীতিতে এটিকে নেতানিয়াহু সরকারের বিভিন্ন নীতি পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট এবারের নির্বাচনের পর নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এ দায়িত্ব দেন। আইজেনকট দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত। নতুন স্পিকার মাতান কাহানাও তাঁর ঘনিষ্ঠ সহযোগী।
কাহানা একসময় ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। বুধবার থেকে নেতানিয়াহু সরকারের বেশ কয়েকটি বিতর্কিত অভ্যন্তরীণ কর্মসূচি বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে বিচার বিভাগের বহুল আলোচিত সংস্কার পরিকল্পনাও রয়েছে।
স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর কাহানা বলেন, নেসেটে তিনি জাতি, ধর্ম কিংবা লিঙ্গের পার্থক্য না করে সবার প্রতিনিধিত্ব করবেন। তাঁর ভাষায়, ‘নেসেটে আমি জাতি, ধর্ম বা লিঙ্গনির্বিশেষে সবার স্পিকার হয়ে কাজ করব।’
ইসরায়েলের পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব বেশ গুরুত্বপূর্ণ। তিনি সংসদের কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেন। ফলে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা ও ভোটাভুটির প্রক্রিয়া দ্রুত করা কিংবা বিলম্বিত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা থাকে।
এর আগে কট্টরপন্থীদের বিরোধিতা সত্ত্বেও নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হন আরব রাজনীতিক আহমেদ তিবি। চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা তিবি একসময় ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের উপদেষ্টা ছিলেন। তিনি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা’আল পার্টির চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব করছেন। ২০০৬ থেকে ২০১৩ সালেও তিনি নেসেটের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন বলে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) তথ্য অনুযায়ী জানা যায়।
নির্বাচিত হওয়ার পর তিবি ইসরায়েলকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ হিসেবে গড়ে তোলার দাবি জানান। তিনি বলেন, লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া ঠেকাতে নানা চেষ্টা করেছিলেন। তবে উসকানি সত্ত্বেও তাঁরা সফল হননি। তাঁদের এই ব্যর্থতাকে রাজনৈতিক জয় হিসেবে দেখছেন তিবি।
এবারের পার্লামেন্ট নির্বাচনে ইসরায়েলের কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকটের প্রচেষ্টায় আরব নেতৃত্বাধীন দলগুলো সমর্থনের কথা জানিয়েছে। তবে আইজেনকট এর আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।
নিয়ম অনুযায়ী, গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট হারজগ নতুন জোট সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেন। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে। অন্যদিকে, ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নেতানিয়াহু। গত তিন দশকে বিভিন্ন মেয়াদে তিনি দেশটির সরকারপ্রধান ছিলেন।
সূত্র: আল-জাজিরা
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।