জাকির নায়েকের ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়াল মোদি সরকার
জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে বিতর্কিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত এই সংস্থার ওপর নিষেধাজ্ঞা নবায়ন করল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১০:০১:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১০:০১:৪২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বিশিষ্ট ইসলামি বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যক্রম দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সংস্থাটির কর্মকাণ্ডের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ভারতের মুম্বাইয়ে ড. জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় অবস্থান শুরু করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভ করেন। তবে ভারতীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ড. জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠানের বক্তব্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও বিভেদ উসকে দিচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবারের মতো পাঁচ বছরের জন্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়।
আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নতুন বিজ্ঞপ্তি জারি করে আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়ন করল ভারত সরকার। ফলে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।