চবির হীরকজয়ন্তী সফল করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণ সমর্থন
আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব স্মরণীয় করতে জেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও অ্যালামনাই নেতৃবৃন্দের মতবিনিময় সভা।
- আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:১৩:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:১৩:২৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গৌরবময় ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবসের এই বিশেষ আয়োজনকে স্মরণীয় ও সার্থক করে তুলতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেছে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এই মহামিলনমেলা সফল করতে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উৎসবের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য এবং হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
সভায় উপাচার্য প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, প্রাক্তনদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রস্তুত। তবে এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। জবাবে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উৎসবটি সাফল্যমণ্ডিত করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই নেতৃবৃন্দের মধ্যে মতামত তুলে ধরেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, একরামুল করিম, এম এ হালিম, কাজী মাহমুদ ইমাম বিলু, দাউদ আব্দুল্লাহ লিটন, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, কামরুল মেহেদী, মোদাচ্ছের আলী, সোহরাব হোসেন সোহেল, হাফিজ আল আসাদ, অ্যাডভোকেট আবু সাঈদ, মোহাম্মদ সেলিমউদ্দিন এবং মামুনুর রশীদসহ আরও অনেকে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।