যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মেকানিকের
যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক গ্যারেজ মেকানিক নিহত হয়েছেন।
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:৫২:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:৫২:৩৭ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক গ্যারেজ মেকানিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ফালু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, কাজ শেষে বাসায় ফিরছিলেন ফালু মিয়া। এ সময় কোনাপাড়ায় মোল্লা কলেজের সামনের সড়কে একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের স্বজন রতন জানান, ফালু মিয়া রাজধানীর পূর্ব কদমতলী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর বাবার নাম আব্দুল মতিন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ কোনাপাড়ায় মোল্লা কলেজের সামনের সড়কে যায়। সেখানে ফালু মিয়াকে গুরুতর আহত অবস্থায় পাওয়ার পর দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই সজিবুর রহমান আরও জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, কাজ শেষে হেঁটে বাসায় ফেরার সময় একটি গাড়ি ফালু মিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য ফালু মিয়ার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।