দিল্লিতে আটক মমতা, বিক্ষোভ ঘিরে উত্তেজনা
ধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আটক পিনারাই বিজয়ন ও ধ্রুব রাঠি
- আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৩:৫৪:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৩:৫৪:১৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর সাউথ অ্যাভিনিউ এলাকায় ধর্নায় বসার পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাসহ তাঁকে আটক করা হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। একই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা এবং ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
শনিবার সকালে সাউথ অ্যাভিনিউয়ে একটি বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে গিয়ে দিল্লি পুলিশ তাঁদের ধর্না থেকে সরে যেতে বলে। রাজধানীতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় জমায়েতের ওপর বিধিনিষেধের কথা জানানো হয়। পুলিশি নির্দেশের পরও ধর্না অব্যাহত থাকলে মমতা ও অন্য নেতাদের আটক করে বাসে করে নিয়ে যাওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শনিবার সকালে দিল্লির যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছে পিনারাই বিজয়নকেও আটক করা হয়। পরে তাঁকে ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে নেওয়া হয় বলে সংবাদমাধ্যম জানিয়েছে। কেরালার সিপিআই(এম) নেতা ও রাজ্যসভার সদস্য জন ব্রিটাস, সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালসহ আরও কয়েকজন নেতাকে আটকের খবরও প্রকাশিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে যোগ দেওয়ার আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে দিল্লি বিমানবন্দরে আটক করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। মুম্বাই থেকে আসা একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের পর তাঁকে আটক করা হয়। একই দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে উল্লেখ রয়েছে।
এ ছাড়া বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকার বাসা থেকে আটক করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তাঁর আটকের খবর প্রকাশের পর সিজেপির পক্ষ থেকে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়েছে।
সিজেপি ও বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনকে ভোটারদের তথ্য যাচাই ও তালিকা হালনাগাদের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে।
বিক্ষোভের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন, ব্যারিকেড স্থাপন এবং বিক্ষোভে যোগ দিতে আসা ব্যক্তিদের আটকের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ পদক্ষেপের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল ও জনসমাগমে প্রভাব পড়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।