চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল বিদেশি পিস্তল ও গুলি
সাদা শপিং ব্যাগে কালো টেপে মোড়ানো অবস্থায় অস্ত্র, আটক হয়নি কেউ
- আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৮:৩০:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৮:৩০:৪৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৫-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই আমবাগানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি সাদা শপিং ব্যাগের ভেতরে কালো টেপে মোড়ানো অবস্থায় পিস্তলটি পাওয়া যায়। ব্যাগ থেকে চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কাউকে পাওয়া যায়নি। ফলে অস্ত্রগুলো সেখানে কারা রেখেছিল, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
তরিকুল ইসলাম বলেন, নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ সেখানে মজুত রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।