দীর্ঘ বিরতির পর পায়রা বন্দরের জেটিতে চীনা জাহাজ
পাঁচটি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে ‘ফান ঝৌ-৬’ জাহাজের সরাসরি টার্মিনালে নোঙর
- আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৩:২৯:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৩:২৯:৪৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় দুই বছর পর আধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি নিয়ে চীনের পতাকাবাহী একটি জাহাজ সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ‘ফান ঝৌ-৬’ নামের জাহাজটি বন্দরের কেনা পাঁচটি আধুনিক যন্ত্রপাতি নিয়ে টার্মিনালে পৌঁছায়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আনা যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন ক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন। প্রথম টার্মিনালে কার্গো ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ আরও দ্রুত ও আধুনিক করতেই এসব সরঞ্জাম কেনা হয়েছে।
১৬৮ মিটার দীর্ঘ এবং ৬ মিটার গভীরতার ‘ফান ঝৌ-৬’ জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশে যাত্রা করে। এর আগে ২০২৪ সালের ১৫ মে ‘এমভি জেইন’ ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে এবং একই বছরের ১ নভেম্বর ‘এমভি ডা হং-১৬’ ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বার্থিং করেছিল।
পায়রা বন্দরের সক্ষমতা আরও বাড়াতে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট দূর করতে ড্রেজিং কার্যক্রমের পাশাপাশি বন্দরকে ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তোলার কাজও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, দীর্ঘ সময় পর সরাসরি বন্দরের জেটিতে জাহাজ ভেড়ায় দিনটি বন্দরের জন্য গুরুত্বপূর্ণ। নতুন ক্রেনগুলো যুক্ত হওয়ায় ৬৫০ মিটার মাল্টিপারপাস বার্থ পুরোপুরি কার্যক্ষম হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, গাড়ি আমদানির জন্য ১৪৮ মিটার দীর্ঘ কার ডেডিকেটেড রোরও জেটি প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে রয়েছে ৭৭ হাজার বর্গমিটারের পার্কিং ইয়ার্ড এবং ৩ হাজার বর্গমিটারের কার শেড। শেডটিতে একসঙ্গে প্রায় ৩ হাজার ৫০০ গাড়ি রাখা যাবে।
এদিকে পায়রা বন্দরকে পরিবেশবান্ধব বা ‘গ্রিন পোর্ট’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নের কাজও চলছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।