রবিবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, চণ্ডীগড় থেকে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় নিজ গ্রামের বাড়িতে সুবেদার মেজর সত্যবানের মরদেহ নিয়ে যাওয়ার সময় অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ৭৯ দশমিক ৬ কিলোমিটার মাইলফলকের কাছে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সত্যবানের ছেলে গৌরব সিং (২৮), ভাই রাজন চৌধুরী (৩৫), ভাতিজা রাম সমুজ সিং (৪০) এবং অ্যাম্বুলেন্সচালক জসপাল (৩০) নিহত হন। গৌরব সিং ও জসপাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রাজন চৌধুরী ও রাম সমুজ সিংকে অযোধ্যা জেলার পিথলা-কুমারগঞ্জের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহত চারজনই সুবেদার মেজর সত্যবানের মরদেহের সঙ্গে ছিলেন। সত্যবান দেওরিয়া জেলার রুদ্রপুর এলাকার গলিয়া দুধাইলা গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুবেদার মেজর সত্যবানের মরদেহ হালিয়াপুর থানা চত্বরে রাখা হয়েছে।
সুলতানপুরের পুলিশ সুপার বিনীত জয়সওয়াল জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলাশাসক ইন্দ্রজিৎ সিং ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।