চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি মঙ্গলবার তৃতীয় দিনে গড়িয়েছে। পাশাপাশি উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচিও চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন। রোববার থেকে শিক্ষক সমিতির নেতৃত্বে সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়। সোমবারও একই কর্মসূচি পালন করেন তারা।
মঙ্গলবার সকাল থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে দাবির পক্ষে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
এদিকে একই দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিও অব্যাহত রয়েছে। সোমবার রাতে বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হন। পরে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, উপাচার্য পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করায় বিভিন্ন মহল থেকে তাদের চাপ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এক শিক্ষার্থী দাবি করেন, তার পরিবারের সদস্যদের ক্ষতির চেষ্টা করা হচ্ছে।
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর রাত থেকে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনের কারণে পুরকৌশল, যন্ত্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিংসহ অন্তত ছয় বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। পরদিন তিনি দায়িত্ব নেন। পরে ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মাত্র ৫৬ দিনের মধ্যে উপাচার্য পরিবর্তনের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে না এসেই দায়িত্ব গ্রহণ করেন। আন্দোলনের কারণে তিনি এখনো ক্যাম্পাসে যেতে পারেননি। তিনি জ্যেষ্ঠ শিক্ষক, ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, আন্দোলনে তার কোনো ইন্ধন নেই। শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীদের কাউকে কর্মসূচি পালন করতে তিনি বলেননি বলেও জানান তিনি।
চুয়েট আইন, ২০০৩-এর ১০(২) ধারা অনুযায়ী, প্রয়োজন মনে করলে আচার্য যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই উপাচার্যকে অব্যাহতি দিতে পারেন। তবে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মধ্যে অধ্যাপক সায়েমকে কেন সরানো হলো, সে প্রশ্ন তুলেছেন।