রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি লুটপাট ও জমি দখলের ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আগে ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। গ্রেফতাররা হলেন মো. লিমন ও মনোয়ার হোসেন সাদ্দাম।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক মানুষ একটি কার্যালয়ে ঢুকে কক্ষের তালা ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শনিবার মামলা হওয়ার পর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় লিমন ও সাদ্দামকে গ্রেফতার করা হয়। ওসি আব্দুল হালিম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন চুক্তির বিনিময়ে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, চাঁদ উদ্যানের জমি দখলের ঘটনায় করা মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।