আইনশৃঙ্খলা বাহিনী সম্মেলন ঘিরে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে শুক্রবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে যোগ দিচ্ছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর মতো বিষয় আলোচনায় আসতে পারে।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনীতিও শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হতে পারে। বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়তে থাকায় এবারের সম্মেলনের সিদ্ধান্ত ও আলোচনার দিকে বিশেষ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।