এশিয়াজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেল সরবরাহে অস্থিরতা দেখা দেওয়ায় দেশটি আগামী পাঁচদিনের জন্য গাড়ি চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা বুধবার (২৫ মার্চ) থেকে কার্যকর হয়েছে। সরকার জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সপ্তাহে একদিন ব্যক্তিগত ও সরকারি গাড়ি ব্যবহার বন্ধ রাখতে হবে।
‘পাঁচ দিনে এক দিন’ নীতির আওতায় এই বিধিনিষেধ কার্যকর হবে এবং গাড়ির নম্বরপ্লেটের শেষ সংখ্যার ভিত্তিতে এটি নির্ধারিত হবে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩ হাজার ব্যারেল পেট্রোলিয়াম সাশ্রয়ের আশা করছে কর্তৃপক্ষ। শুধু সরকারি খাত নয়, সাধারণ নাগরিক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও স্বেচ্ছায় এই সাশ্রয় কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় জ্বালানি সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিচ্ছে সিউল প্রশাসন। এই সংকটের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের জবাবে ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। এর ফলে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দামও দ্রুত বেড়ে যায়, যা আমদানি-নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর সরাসরি চাপ সৃষ্টি করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দক্ষিণ কোরিয়া এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছে।
রাজধানী সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে জলবায়ু, জ্বালানি ও পরিবেশমন্ত্রী কিম সং-হোয়ান এই কঠোর নীতির ঘোষণা দেন। বুধবার রাত ১২টা থেকে দেশজুড়ে এটি কার্যকর করা হয়। নতুন নির্দেশনায় সরকারি খাতের সব যানবাহনের ওপরই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে গর্ভবতী নারী, নবজাতকের অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিদ্যুৎ ও হাইড্রোজেনচালিত যানবাহনকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। নিয়ম অমান্য করলে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। এদিকে একই সংকটের প্রেক্ষাপটে ফিলিপিন্স ইতোমধ্যে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা এশিয়ার জ্বালানি সংকটের গভীরতা আরও স্পষ্ট করে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
ইরান যুদ্ধের ধাক্কা: দক্ষিণ কোরিয়ায় গাড়ি নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৫:৪৩:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৫:৪৪:২৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর