পিট হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা, ভোটে কী হলো
প্রতিনিধি পরিষদের ২১১-২০৪ ভোটে অভিশংসন প্রস্তাব বিচার বিভাগীয় কমিটিতে পাঠানো হয়েছে। আপাতত পদ হারানোর ঝুঁকি থেকে রেহাই পেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:২৫:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:২৫:৩১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ কার্যত থামিয়ে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। মঙ্গলবারের ভোটে অভিশংসনের আটটি অভিযোগ রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব ২১১-২০৪ ভোটে পাস হয়। এর ফলে আপাতত অভিশংসন প্রক্রিয়া এগোনোর সম্ভাবনা কমেছে এবং দায়িত্ব হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে রেহাই পেয়েছেন হেগসেথ। তবে ভবিষ্যতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে বিষয়টি আবারও আলোচনায় আসতে পারে।
ভোটের কয়েক ঘণ্টা আগে হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে নিজের ভূমিকার পক্ষে বক্তব্য দেন। তাঁর বক্তব্যের প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অভিশংসনের প্রস্তাবের উদ্যোক্তা ছিলেন কেনটাকির বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি। তিনি আগে থেকেই সতর্ক করেছিলেন, অভিযোগগুলো বিচার বিভাগীয় কমিটিতে পাঠানো হলে কার্যত অভিশংসন প্রক্রিয়া থেমে যেতে পারে। হেগসেথের নীতির বিরোধিতা এবং ইরান যুদ্ধের প্রতি জনসমর্থন নিয়ে উদ্বেগের কারণে কয়েকজন রিপাবলিকান তাঁর প্রস্তাব সমর্থন করতে পারেন বলে আশা করেছিলেন ম্যাসি। তবে ভোটে তাঁকে ছাড়া অন্য কোনো রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে অবস্থান নেননি। অন্যদিকে, ডেমোক্র্যাটরা উদ্যোগটির প্রতি সমর্থন জানালেও ভোটের সময় তাঁদের ১১ জন সদস্য অনুপস্থিত ছিলেন।
ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রচেষ্টাকে ‘শোচনীয়ভাবে ব্যর্থ’ বলে মন্তব্য করেন। ইরান, ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথের ভূমিকার প্রশংসা করে তাঁকে একজন দেশপ্রেমিক হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প।
হেগসেথ অভিশংসিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হতেন অভিশংসনের মুখোমুখি হওয়া প্রথম প্রতিরক্ষামন্ত্রী। এর আগে ১৮৭৬ সালে মার্কিন সামরিক বাহিনীর একজন বেসামরিক শীর্ষ কর্মকর্তা অভিশংসিত হয়েছিলেন। সে সময় উইলিয়াম বেলকন্যাপ যুদ্ধমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত বছর দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সামরিক বাহিনীর কাঠামো ও ভাবমূর্তি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন হেগসেথ। তিনি সামরিক বাহিনীকে দুর্বল এবং অতিমাত্রায় প্রগতিশীল সামাজিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত বলে সমালোচনা করেছেন। নিজেকে ‘যুদ্ধমন্ত্রী’ হিসেবেও পরিচয় দিয়ে থাকেন তিনি। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের আনুষ্ঠানিক নাম পরিবর্তন করতে পারবেন না।
সূত্র: রয়টার্স ও আল জাজিরা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।