নাম নয়, মেধাই হোক নম্বরের মাপকাঠি: উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতির অপেক্ষায় হাবিপ্রবি
রাবি, রুয়েট ও যবিপ্রবির পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিতে কোডিং পদ্ধতি চালুর জোর দাবি শিক্ষার্থীদের; উদ্যোগ নেওয়ার আশ্বাস পরীক্ষা নিয়ন্ত্রকের
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০১:৫৩:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০১:৫৩:০৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৩ বার পঠিত
ছবি: প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় উত্তরপত্র দেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর পরিচয় গোপন রাখার ব্যবস্থা চালু করছে। এ পদ্ধতিতে নাম ও রোল নম্বরের বদলে একটি নির্দিষ্ট কোড দেখে খাতা মূল্যায়ন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটি ইতোমধ্যে কার্যকর হয়েছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও একই পথে এগোচ্ছে। এ প্রেক্ষাপটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (হাবিপ্রবি) কোডিং পদ্ধতি চালুর দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে ছয়টি বিভাগে এ পদ্ধতির বাস্তবায়ন শুরু হয়েছে। উত্তরপত্রের মলাটে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও কোডের জন্য আলাদা অংশ থাকে। খাতা পরীক্ষকের কাছে পাঠানোর আগে পরিচয়ের অংশটি আলাদা করে সংরক্ষণ করা হয়। ফলে পরীক্ষক শিক্ষার্থীর নাম বা রোল নম্বর না জেনেই খাতা মূল্যায়ন করতে পারেন।
অন্যদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও নীতিগতভাবে এ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, প্রচলিত ব্যবস্থায় খাতায় রোল নম্বর দেখা যায় বলে পরিচিত শিক্ষার্থীকে শনাক্ত করার সুযোগ থেকে যায়। এতে ব্যক্তিগত সম্পর্ক, জানাশোনা বা অন্য কোনো কারণে মূল্যায়নে পক্ষপাতের আশঙ্কা তৈরি হয়। কোডিং পদ্ধতিতে পরীক্ষার্থীর পরিচয় অজানা থাকায় এ ঝুঁকি অনেকটাই কমে আসে। পাশাপাশি শুধু উত্তরের মানের ভিত্তিতে নম্বর দেওয়ার পরিবেশও তৈরি হয়।
হাবিপ্রবিতেও খাতা মূল্যায়নে পক্ষপাতের অভিযোগ ও অসন্তোষ নিয়ে আলোচনা রয়েছে। কিছুদিন আগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিভাগীয় চেয়ারম্যান সজীব কুমার রায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়ার অভিযোগ করেন।
এ বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী দিশা বলেন, ‘কোডিং পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু হচ্ছে। তাই শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের বিশ্ববিদ্যালয়েও এ পদ্ধতি চালু করা উচিত।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের শিক্ষার্থী আরাফাত বলেন, ‘কোডিং পদ্ধতি চালু হলে খাতা মূল্যায়নে স্বজনপ্রীতির সুযোগ কমবে এবং পরীক্ষার ফলাফলের প্রতি শিক্ষার্থীদের আস্থা বাড়বে। তাই প্রশাসনের উচিত এ পদ্ধতি চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।’
হাবিপ্রবির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মোবারক হোসেন বলেন, ‘কোডিং পদ্ধতি একটি আধুনিক ব্যবস্থা। আমরা মাঝেমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাই যে, তারা প্রত্যাশিত ফলাফল পাননি কিংবা কোনো কারণে রোষানলের শিকার হয়েছেন। কোডিং পদ্ধতি চালু হলে এ ধরনের বৈষম্য কমানো সম্ভব। আমি হাবিপ্রবিতে এ পদ্ধতি চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।’
শিক্ষার্থীরা আশা করছেন, উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নেবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।